নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২৩ মে ২০১৮

শীতলক্ষ্যার পূর্ব তীরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার অন্তত ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর। এ সময় নার্গিস (সাউথ) নামের একটি ডকইয়ার্ডের মালিকপক্ষ ও এক ইট ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত ইট ও বালু এক লাখ ২৬ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়।

বুধবার দুপুরে উপজেলার সেন্ট্রাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তির নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এর আগে জলাশয় আইনকে ভঙ্গ করে ধলেশ্বরী নদীর নারায়ণগঞ্জ সদর উপজেলার কাঠপট্টি খেয়াঘাট সংলগ্ন এলাকায় নদীর পূর্ব তীরে ড্রেজার দিয়ে বালু ফেলে ভরাটকৃত প্রায় ১০ হাজার বর্গফুট এলাকায় অবৈধভাবে দুটি ডকইয়ার্ড গড়ে তোলায় আলী আহাম্মদ বেপারী নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা এবং ২ মাসের মধ্যে ভরাটকৃত অংশ সরিয়ে নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সময় বেঁধে দেয়া হয়। এর আগে মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় মাসুম গং এর ভরাটকৃত অংশ ভেকু দিয়ে অবমুক্ত করা হয়।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক মো. শহীদুল্লাহ জানান, দু’দিনব্যাপী পরিচালিত অভিযানে দু’টি ডকইয়ার্ডের মালিকপক্ষকে জরিমানা ছাড়াও বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখলকৃত অংশ অবমুক্ত করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী, উপ পরিচালক মো. শহীদুল্লাহ, সহকারী পরিচালক পারভেজ, শাহআলম, রেজাউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।