রামুতে শিক্ষার্থী অপহরণ মামলায় গ্রেফতার ৩
কক্সবাজারের রামুতে চাঞ্চল্যকর শিক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। মঙ্গলবার রামুর কাওয়ারকোপ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- নয়ন মনি (২০), সায়েম মনি (২৩) ও তাদের বাবা ছব্বির আহমদ। গ্রেফতারদের বাড়ি রামুর কাওয়ারকোপ ইউনিয়নস্থ গনিয়া কাটা গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, গত ১৬ ফেব্রুয়ারি রামুর কাওয়ারকোপ ইউনিয়নের পশ্চিম গনিয়া কাটা ৮নং ওয়ার্ডের আবদুস শুক্কুরের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী সুমিকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় তার বাবা আবদুস শুক্কুর বাদী হয়ে ২২ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কক্সবাজার আদালতে নয়ন মনিকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে পিআইবিকে তদন্তভার দেয়। পিআইবি তদন্ত শেষে আদালতে রিপোর্ট দেয়। দীর্ঘদিন ধরে অভিযুক্তরা পলাতক ছিল।
এ মামলায় পুলিশ চার আসামির মধ্যে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। মামলার অপর আসামি একই এলাকার আলী আকবরের ছেলে নুর নবী এখনো অধরা।
মামালার বাদী আবদুস শুক্কুর বলেন, আমার অপহৃত মেয়েকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। আমরা দুর্বৃত্তদের ভয়ে মানবেতর দিন কাটাচ্ছি। যেকোনো মুহূর্তে আমার ও পরিবারের ওপর হামলা হতে পারে। মামলা তুলে নিতে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে তারা।
রামু থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অপহৃতকে উদ্ধার ও অপর আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
সায়ীদ আলমগীর/এএম/আরআইপি