গাড়ি চুরি চক্রের ২ সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:২৪ এএম, ০৭ জুন ২০১৮

চট্টগ্রামের গাড়ি চোর চক্র ও মলম পার্টির শীর্ষ দু’সদস্যকে কক্সবাজারের মহেশখালী থেকে আটক করেছে পুলিশ। বুধবার দ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কেরুণতলি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি বন্দুক, ৩ রাউন্ড তাজা কাতুর্জ, মুখোশ, মলম এবং মলম মিশ্রিত বিস্কুট উদ্ধার হয় বলে দাবি করেছে পুলিশ।

আটকরা হলেন, চট্টগ্রামের কর্ণফুলী থানার জুলধা গ্রামের আব্দুল হামিদের ছেলে আলমগীর ও পটিয়া থানার মাহিরা গ্রামের আব্দুল মজিদের ছেলে জামাল উদ্দিন।

মহেশখালী থানার ডিউটি অফিসার এএসআই সনজিব জানান, গোপন সংবাদে খবর আসে, হোয়ানক এলাকায় চট্টগ্রামের গাড়ি চোর চক্র ও মলম পার্টির কয়েক সদস্য ঘোরাফেরা করছে। এর ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় হোয়ানক পুলিশ ফাঁড়ির ইনচার্জ রোকন উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আলমগীর ও জামালকে আটক করে।

থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকারোক্তি দিয়েছে যে, গত ৪ বছর আগে মহেশখালী পৌরসভা এলাকার গিয়াস উদ্দিন ড্রাইভারকে মলম মিশ্রিত বিস্কুট খাইয়ে চকরিয়া-বদর খালী সড়ক থেকে সিএনজি অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় তারা। পরবর্তীতে প্রায় ৩ লাখ টাকা বিকাশের মাধ্যমে লেনদেন হলে গাড়িটি ফেরত দেয়। এছাড়া গত ২ মাস আগে শাহ আলম নামের অপর একজন ইজিবাইক চালককে মলম লাগিয়ে মহেশখালীর শাপলাপুর থেকে ইজিবাইকটি চট্টগ্রামের সিএমপিতে নিয়ে বিক্রি করে দেয়।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, দ্বীপের মানুষ খুবই শান্তশিষ্ট অতিথি পরায়ন। এ সুযোগকে কাজে লাগিয়ে চোরচক্রের সদস্যরা এখানে এসে প্রথমে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পরে সুযোগ বুঝে মলম ব্যবহারের মাধ্যমে অচেতন করে গাড়িগুলো মহেশখালী থেকে বিভিন্ন পথে চট্টগ্রামে নিয়ে যায়। এদেরই দু’জন আটক হয়েছে। চুরি হওয়া গাড়ির মালিকরা বাদী হয়ে আটকদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এছাড়াও উদ্ধার হওয়া অস্ত্রের ব্যাপারে অস্ত্র আইনে পৃথক মামলা করেছে পুলিশ।

সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।