ছেলের সামনে বাবা খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ০৯ জুন ২০১৮
ফাইল ছবি

যশোরের চৌগাছায় ছিনতাইকারীদের হাতে আশারফ হোসেন (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে জসিমউদ্দিন (২৮) আহত হন। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে যায় ছিনতাইকারীরা। তবে পুলিশ বলছে- ছিনতাইয়ের ঘটনার পর ওই ব্যক্তি ট্রাকের চাপায় নিহত হন।

উপজেলার শাহজাদপুর বিজিবি ক্যাম্পের অদূরে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মামাত ভাই মিকাইল হোসেন জানান, শুক্রবার রাতে আশারফ মোটরসাইকেল নিয়ে তার ছেলে জসিমউদ্দিনকে চৌগাছা থেকে আনতে যান। বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে উপজেলার শাহজাদপুর বিজিবি ক্যাম্পের অদূরে রাস্তার ধারে গাছে সঙ্গে বাঁধা দড়িতে জড়িয়ে মোটরসাইকেল নিয়ে পড়ে যান। মাটিতে পড়ে যাওয়ার পরপরই অজ্ঞাত কয়েক দুর্বৃত্ত তাদের এলোপাতাড়ি পেটাতে থাকে। এই সময় জসিমউদ্দিন কোনোরকম উঠে পাশের বিজিবি ক্যাম্পে গিয়ে তাদের সহযোগিতা কামনা করেন। কিছুক্ষণ পর তারা ফিরে এসে দেখে, আশারফের মরদেহ পড়ে আছে এবং মোটরসাইকেলটি সেখানে নেই।

চৌগাছার দশপাকিয়া পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) শফিক জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তারা জানতে পেরেছেন ছিনতাই ঘটনার পর ছিনতাইকারীরা চৌগাছার উদ্দেশ্যে চলে যায়। আর চৌগাছা থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় আশরাফ হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

মিলন রহমান/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।