মোবাইল চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে অমানুষিক নির্যাতন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:২২ এএম, ১৯ জুন ২০১৮

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মোবাইল চুরির অভিযোগে খোকা মিয়া (২৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবককে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের জাঙ্গাল গালিমপুর এলাকার ইজ্জত আলীর বাড়িতে এই নির্যাতনের ঘটনা ঘটে।

এলাকাবাবাসী জানান, প্রায় এক সপ্তাহ আগে বন্দরের গালিমপুর এলাকার ইজ্জত আলীর বাড়ি থেকে একটি মোবাইল সেট চুরি হয়। সোমবার একই গ্রামের মৃত ছামসুল হকের ছেলে মানসিক প্রতিবন্ধী খোকা মিয়া ওই বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ইজ্জত আলী ও তার পরিবারের লোকজন তাকে ধরে বাড়িতে নিয়ে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে।

এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে গ্রামবাসী উত্তেজিত হয়ে ওঠে। গ্রামবাসী বিক্ষোভ মিছিল শুরু করে এবং ইজ্জত আলীর পরিবারকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নির্যাতিত খোকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কামতাল তদন্ত কেন্দ্রের এসআই প্রদ্যুত সরকার জানান, চোর আখ্যা দিয়ে এক প্রতিবন্ধী যুবকের ওপর নির্যাতন চালানো হয়েছে।মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইজ্জত আলী ও তার পরিবারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।