রোহিঙ্গায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করলেন এমপি বদি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০৪ জুলাই ২০১৮

বিপদাপন্ন রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের এক হাজার ৮০০ হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি। বুধবার দুপুরে রত্নাপালং ইউনিয়ন পরিষদ চত্বরে এ ত্রাণ বিতরণ করা হয়।

এমপি বদির অনুরোধে এনজিও সংস্থা আসিয়াব ও বিদেশ ফাউন্ডেশন যৌথভাবে রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় এ ত্রাণ দিয়েছে বলে জানিয়েছেন এমপি বদির ব্যক্তিগত সহকারী হেলাল উদ্দিন।

তাণ বিতরণকালে এমপি বদি বলেন, রোহিঙ্গারা মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়ার পর থেকে স্থানীয়রা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি নিরুপণ করে সরকার স্থানীয়দের নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী ২০ কেজি করে ২০ হাজার মানুষকে বিশেষ বরাদ্দ হিসেবে চাল দিয়েছেন। গত ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তুলে দেয়া হয়েছে। মানবিক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন ততদিন উখিয়া-টেকনাফের অসহায় মানুষকে সহায়তা করে যাব।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা অতীতের কোনো সরকার করেনি। উখিয়া-টেকনাফের রাস্তা, ব্রিজ, স্কুল-কলেজের উন্নয়ন হয়েছে। তাই আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একরামুল ছিদ্দিক, রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, অ্যাসোসিয়েশন ফর সোসিও ইকোনমিক অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (আসিয়াব)-এর পরিচালক (প্রোগ্রাম) মো. আবদুস সামাদ, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর সাঈদ মু. আনোয়ার। অনুষ্ঠান পরিচালনা করেন আসিয়াবের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর হোসেন।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।