বংশালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর বংশাল থানার আলুবাজার বড় মসজিদ এলাকার একটি বাসা থেকে ফয়সাল (১৯) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা তার বাবা মো. ফেরদৌস আলম জানান, আমার ছেলে আগে পড়াশোনা করতো। পরে কিছুই করে না, বাসাতেই থাকে। আমাদের নিজ বাসা। আজ (বৃহস্পতিবার) বিকেলের দিকে সবার অজান্তে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নেয়। আমরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাই।কী কারণে আমার ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। ও ছিল আমার বড় ছেলে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এএমএ