কুমিল্লায় বাসের ভেতর প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় এবার যাত্রীবাহী বাসে সাত বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটলেও পুলিশ ওই শিশুর নাম-পরিচয় নিশ্চিত হতে না পারায় শুক্রবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ওই শিশুটিকে উদ্ধার এবং চালক ও হেলপারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি সড়কে যাত্রীসেবা পরিবহন নামের একটি বাসের ভেতর ঘটনা ঘটে। আটকরা হলেন, যাত্রীসেবা পরিবহনের চালক মোহাম্মদ সেলিম (৬০)। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানতপুর গ্রামে। হেলপার আবু জাফরের (৩৫) বাড়ি বরিশালে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজারুল জানান, বৃহস্পতিবার দুপুরে আমরা কয়েকজন বন্ধু বিশ্ববিদ্যালয় বাস থেকে কোটবাড়ি রাস্তার মুখে নেমে পড়ি। ময়নামতি যাওয়ার জন্য অপেক্ষা করেছিলাম। তখন মহাসড়কের পাশে থেমে থাকা একটি বাস থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পাই। তারপর বাসে উঠে দেখি মেয়েটির দুই হাত বেঁধে রাখা হয়েছে। তাকে ঘিরে রেখেছে চালক ও দুই হেলপার। এ সময় স্থানীয়দের সহায়তায় গণধোলাই দিয়ে বাসের চালক ও হেলপারকে পুলিশে সোপর্দ করা হয়।
শুক্রবার বিকেলে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ওসি মামুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি শিশুটির বাড়ি হবিগঞ্জ জেলায়। শিশুকে দেখতে মানসিক প্রতিবন্ধী মনে হচ্ছে। তাই তার নাম পরিচয় পেতে বিলম্ব হচ্ছে। তার বাবা-মা কুমিল্লায় আসছেন। এ ঘটনায় চালক ও হেলপারকে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। শিশুটিকে কুমিল্লা সরকারি শিশু পরিবারে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, শিশুটি কীভাবে কুমিল্লায় এসেছে তাও আমরা নিশ্চিত হতে পারছি না। শিশুটির পরিবার মামলা না করলেও পুলিশ বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করবে।
কামাল উদ্দিন/এমএএস/পিআর