জনগণের প্রতি আ.লীগের পূর্ণ আস্থা আছে : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমরা অবৈধ পথে ক্ষমতা দখলের পথ রুদ্ধ করেছি। সংবিধান মোতাবেক বর্তমান সরকারের নির্দিষ্ট মেয়াদ শেষেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতলি স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। জনগণের প্রতি আওয়ামী লীগের পূর্ণ আস্থা আছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।
তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে। তবে কোনো একটি বিশেষ দল যদি নির্বাচনে অংশ না নেয় তাতে দেশের সার্বিক কল্যাণের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।
মন্ত্রী বলেন, আমরা একাধারে দুই মেয়াদ অতিক্রম করলাম, দেশের অগ্রগতিই বলে দেয় উন্নয়নবান্ধব এই সরকার দেশকে কতখানি এগিয়ে নিয়েছে।
রায়কোট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কামাল উদ্দিন/আরএআর/পিআর