মা তুমি কোথায়?

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ২০ অক্টোবর ২০১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মিম আক্তার (৬) নামের এক শিশুকে রাস্তায় পাওয়া গেছে। শিশু কন্যাকে রাস্তায় পেয়ে স্থানীয় লোকজন কোনো অভিভাবক না পেয়ে থানা পুলিশের কাছে দিয়ে দেয়।

শনিবার দুপুরে উপজেলার কাঁচপুর এলাকায় শিশুটিকে পেয়ে মাসুদ নামের এক ব্যক্তি সোনারগাঁ থানা পুলিশের কাছে নিয়ে যান। এরপর শিশুর মা-বাবার সন্ধানে বিভিন্ন স্থানে বার্তা পাঠায় পুলিশ।

শিশু মিম আক্তার জানায়, মামা জসিম উদ্দিন বুধবার বেড়ানোর কথা বলে আমাকে কাঁচপুর এলাকায় রেখে যায়। পরে এক লোক আমাকে এখানে নিয়ে আসে। পাবনার বামনা উপজেলার চুনাওঠা গ্রামের আনোয়ার হোসেন আমার বাবা। আমার মায়ের নাম রুনা। আমি মায়ের কাছে যাব, মা তুমি কোথায় বলে কেঁদে দেয় শিশু মিম।

মিমকে রাস্তায় পাওয়া মাসুদ বলেন, বৃহস্পতিবার সকালে দোকান খুলতে গিয়ে মেয়েটিকে একটি টেবিলের ওপর বসে থাকতে দেখি। পরে মেয়েটির কাছে তার পরিচয় জানতে চাইলে সে জানায়, বুধবার রাতে তার সৎমামা জসিম উদ্দিন তাকে বসিয়ে রেখে চলে যায়। রাতে সে একাই বসেছিল। অনেক খোঁজাখুঁজি করে তার মামাকে না পেয়ে শনিবার সোনারগাঁ থানা পুলিশের কাছে নিয়ে আসি। পরে সোনারগাঁ থানা পুলিশ একটি জিডি করে মেয়েটিকে উপজেলার কাঁচপুর দক্ষিণপাড়া গ্রামের মাসুদের হেফাজতে দিয়েছেন।

সোনারগাঁ থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) সেলিম মিয়া বলেন, উদ্ধার হওয়া মেয়েটির বিষয়ে একটি জিডি করে মাসুদ নামের এক ব্যক্তির হেফাজতে দেয়া হয়েছে। পরিবারের সন্ধান পেলে তাকে ফেরত দেয়া হবে।

মো. শাহাদাত হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।