লুকিয়েও রেহাই পেল না ছোট্ট ইমরান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:২৩ এএম, ০৭ নভেম্বর ২০১৮
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ইমরান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে দুটি গরু ও তিনটি ছাগলসহ ও কৃষকের চারটি ঘর।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইমরান ওই গ্রামের মালাম শেখের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে কৃষক মালাম শেখের বাড়িতে আগুন লাগে। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়লে বাড়ির লোকজন টের পায়। তারা সকলেই ঘর থেকে বেরিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় শিশু ইমরান ভয় পেয়ে ঘরের এক কোণায় লুকিয়ে থাকে। এ অবস্থায় আগুনের তীব্রতা বাড়তে থাকলে তাকে আর বের করা সম্ভব হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। রাত সোয়া ১২টার দিকে দগ্ধ ও মৃত শিশু ইমরানকে উদ্ধার করা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।