কুমিল্লায় ট্রিপল মার্ডার রায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৪ নভেম্বর ২০১৮

কুমিল্লার লাকসাম উপজেলায় ১ হাজার ৪০০ টাকার জন্য তিন কাঁচামাল ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- লাকসাম শ্রীয়াং এলাকার আব্দুল কাদেরের ছেলে আব্দুর রহমান (২৫), ইয়াকুব আলীর ছেলে শহিদুল্লাহ শহিদ (২৭), আবদুল মান্নানের ছেলে ফারুক হোসেন (৩০), সেলিমের ছেলে রাসেল (৩০) এবং মোহাম্মদ উল্লাহর ছেলে স্বপন (৩০)। দণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ৬ জানুয়ারি লাকসাম উপজেলার শ্রীয়াং বাজারে দোকান বন্ধ করে কাঁচামাল ব্যবসায়ী উত্তম দেবনাথ (২৭), পরীক্ষিত দেবনাথ (১২) এবং পান ব্যবসায়ী বাচ্চু মিয়া (৩৫) ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। রাত ১২টার দিকে লাকসামের শ্রীয়াং-রাজাপুর রাস্তার বদিরপুকুর এলাকায় পৌঁছালে ডাকাত পরিচয়ে ১ হাজার ৪০০ টাকার জন্য তিন ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করে আসামিরা।

নিহত উত্তম দেবনাথ ও পরীক্ষিত দেবনাথ মনোহরগঞ্জ উপজেলার প্রতাপপুর গ্রামের মণিন্দ্র দেবনাথের ছেলে এবং বাচ্চু মিয়া লাকসাম উপজেলার জগতপুর গ্রামের সামছুল হকের ছেলে।

এ ঘটনায় ওই বছরের ৭ জানুয়ারি নিহত বাচ্চু মিয়ার ছোট ভাই কবির হোসেন বাদী হয়ে লাকসাম থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। দীর্ঘ ১০ মাস তদন্ত শেষে পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. আবু তাহের এবং পলাতক আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট নাঈমা সুলতানা মুন্নি।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।