ফতুল্লায় দগ্ধ মা-মেয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ ৯ জনের মধ্যে মা-মেয়ে মারা গেছেন। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ছায়া রানী (৫৫) ও তার মেয়ে সুস্মিতা (২৭)। তারা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন।

বৃহস্পতিবার ভোরে ছায়া রানী এবং সকাল ১০টার দিকে সুমিত্রার মৃত্যু হয়। ছায়া রানীর শরীরের ৬০ শতাংশ এবং সুমিত্রার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল। হাসপাতালে ভর্তি থাকা বাকি সাতজনের অবস্থাও আশঙ্কাজনক।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এর আগে বুধবার ভোরে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় জাকির মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দগ্ধদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বাকি দগ্ধরা হলেন- নারায়ণ (৪০), রমিত (১৪), শাওন (১০), অর্চন (২৮), অর্পিতা (১০), শ্রীনাথ (৩৫) ও অনামিকা (১৫)।

প্রতিবেশীরা জানান, রাতে ঘুমানোর সময় পরিবারটি মশার কয়েল জ্বালিয়ে রেখেছিল। আর কয়েলের আগুন তাদের কাপড়ে ও আসবাবপত্রে লেগে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ওই পরিবারের সকলে ঘুমিয়ে ছিল। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।