কুমিল্লায় বেড়িবাঁধে যুবকের গুলিবিদ্ধ মরদেহ
মাথায় ও দুই হাতে গুলিবিদ্ধ অবস্থায় কুমিল্লার দেবিদ্বারে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভিরাল্লা এলাকায় গোমতী নদীর বেড়িবাঁধ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই যুবকের মরদেহ গোমতী নদীর বেড়িবাঁধে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এ সময় দেবিদ্বার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার বলেন, রাতের কোনো সময় ওই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মাথায় ও দুই হাতে গুলি লেগেছে। তার পরনে গোলাপী চেকশার্ট ও জিন্স প্যান্ট রয়েছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা করছে বলে তিনি জানান।
কামাল উদ্দিন/আরএআর/জেআইএম