ব্রেসলেট নিয়ে দ্বন্দ্বে বন্ধুদের হাতে কিশোর খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২:৪০ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯

নারায়ণগঞ্জে সিয়াম (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শহরের ডিআইটি কলোনির পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় সিয়ামের বন্ধু নিলয়কে (১৮) আটক করা হয়েছে।

নিহত সিয়াম ফতুল্লার দেওভোগ পানির ট্যাংকি এলাকার বাজনাপট্রি এলাকার হামিদার বাড়ির ভাড়াটিয়া সোহেল মিয়ার ছেলে। সে শহরের উকিলপাড়া এলাকায় অবস্থিত আজিজুর রহমানের হোসিয়ারির শ্রমিক।

নিহত সিয়ামের মা শিউলী বেগম জানান, একটি ব্রেসলেট নিয়ে সিয়ামের সঙ্গে তার বন্ধু একই এলাকার হোসিয়ারী শ্রমিক নিলয় (১৮), আকাশ (১৮), জুম্মন (১৯), বাবু (১৭) ও আরাফতের (১৮) গত তিন মাস আগে থেকে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে ইতিপূর্বে হাতাহাতির ঘটনা ঘটেছিল এবং বিচার সালিশও হয়েছিল। সেই সূত্র ধরে রোববার রাত ১০টায় সিয়ামকে ফোন করে ডেকে নেয় নিলয়। এরপর সে বাসায় ফিরে না আসায় সকালে পরিবারের লোকজন সিয়ামকে খুঁজতে বের হয়। এ সময় লোকজনের মাধ্যমে খবর পেয়ে শহরের ডিআইটি কলোনির পেছনে পরে থাকা মরদেহ দেখে সিয়ামের মরদেহ শনাক্ত করা হয়। নিলয়, আকাশ, জুম্মন, বাবু, আরাফাত মিলে সিয়ামকে হত্যা করেছে বলে শিউলী বেগম অভিযোগ করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, একটি ব্রেসলেট নিয়ে বিরোধের জের ধরে নিলয়সহ তার বন্ধুরা ফোন করে ডেকে এনে সিয়ামকে গলা টিপে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিয়ামকে হত্যার অভিযোগে তার বন্ধু নিলয়কে আটক করা হয়েছে।

শাহাদাত হোসেন/এফএ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।