যে ট্রেনে জনগণ ওঠেনি, সেই ট্রেনে পার্থ ওঠেনি: আন্দালিব রহমান পার্থ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১০:১৯ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখেন আন্দালিব রহমান পার্থ

ভোলা-১ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গত ১৭ বছর অনেক কষ্ট করেছি। জেলে গিয়েছি, রিমান্ডে ছিলাম। কিন্তু নীতি-আদর্শে অটল ছিলাম। কোনো দিনও জনগণের বাইরে যাইনি। যে ট্রেনে জনগণ ওঠেনি, সেই ট্রেনে পার্থ ওঠেনি।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মাথায় রাখতে হবে, আপনাদের হৃদয়ে ধারণ করতে হবে—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনারা ভোট দিয়ে ঠকেননি, বেগম খালেদা জিয়াকে ভোট দিয়েও আপনারা ঠকেননি। তারেক রহমানকেও আপনারা ভোট দিয়ে ঠকবেন না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ভোটের ঘর এলাকার ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন পার্থ।

আন্দালিব রহমান পার্থ আরও বলেন, জামায়াতের প্রার্থীরা দেশের মানুষকে উন্নয়ন করার কথা বললে কেউ বিশ্বাস করবে না। তাই তারা এখন জান্নাতের টিকিট বিক্রি করেন।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, ‘তারা আপনাদের পূজায় যাবে, কিন্তু সুযোগ পেলে তারাই আপনাদের মণ্ডপ ভাঙবে। বাংলাদেশের হিন্দু-মুসলিম ভাই ভাই হিসেবে মিলেমিশে থাকবে। এটি একটি গ্রুপ ও গোষ্ঠী মেনে নিতে পারে না।’

বাপ্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল হুদা খোকা মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল রহমান কিরণ, হারুন অর রশিদ ট্রুম্যান, সদস্যসচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাহ প্রমুখ।

জুয়েল সাহা বিকাশ/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।