বিএনপি প্রার্থী ফখরুল

ধানের শীষে ভোট দিলে নিরপরাধ আ’লীগ কর্মীরাও সুবিধা পাবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:০৭ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালী-৫ আসনের বিএনপি প্রার্থী মো. ফখরুল ইসলাম বলেছেন, ধানের শীষে ভোট দিলে নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরাও সমান সুযোগ-সুবিধা পাবেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে এ আসনের সদর অংশের নেয়াজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে নারীদের এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

মো. ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ আমাদের বিরোধী হলেও তাদের সবাই অপরাধ করেনি। যারা কোনো অন্যায়ে জড়িত ছিলেন না তারা বিএনপির বিনামূল্যের ফ্যামিলি-কৃষক কার্ড, চাকরিসহ সকল সুযোগ-সুবিধা পাবেন।

নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারেক রহমানের ঘোষণা মতে, নারীদের ফ্যামিলি কার্ড, পুরুষের জন্য কৃষি কার্ড বিনামূল্যে দেওয়া হবে। এটা পেতে কেউ টাকা চাইলে ফেসবুকে লাইভ করে সবাইকে জানিয়ে দেবেন।

ধানের শীষে ভোট দিলে নিরপরাধ আ’লীগ কর্মীরাও সুবিধা পাবে

ফখরুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় এলে কাউকে টাকা দিয়ে চাকরি নিতে হবে না। রাস্তাঘাট কালভার্টসহ এলাকার ব্যাপক উন্নয়ন হবে। অন্যায় করে কেউ পার পাবে না। যারা সন্ত্রাস-চাঁদাবাজি করে তাদের জায়গা হবে জেলখানা।

জামায়াত সম্পর্কে তিনি বলেন, যারা পরকালের কথা বলে ভোট প্রার্থনা করে তারা মানুষের উন্নয়ন আর নিরাপত্তা নিশ্চিতের কোনো কথা বলেন না। বেহেশতের টিকেট দেওয়ার ইজারা কাউকে দেওয়া হয়নি। যার যার নিজের আমলে বেহেশত নির্ধারিত হবে।

অনুষ্ঠানে নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান এ আলম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহমুদুর রহমান হেলেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাসান ফিরোজ সৌখিন, সদর বিএনপির সাবেক সহ-সভাপতি আবু ইউসুফ স্বপন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সমপাদক আবদুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।