বানিয়ারচর চার্চে নিহতদের স্মরণ করলেন মার্কিন রাষ্ট্রদূত
গোপালগঞ্জের মুকসুদপুরের বানিয়ারচর ক্যাথলিক চার্চ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। শুক্রবার সকাল ৯টার দিকে গোপালগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে তিনি এ চার্চ পরিদর্শন করেন।
এদিকে মার্কিন রাষ্ট্রদূত বানিয়ারচর এসে পৌঁছালে স্থানীয় জনগণ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে গির্জায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, চার্চে এসে এবং সবকিছু পরিদর্শন করে আমার ভালো লেগেছে। আমাকে স্মরণ করিয়ে দিয়েছে আমরা সবাই ঈশ্বরের সন্তান। এর আগে চার্চে যে ঘটনা ঘটেছিল তার জন্য আমেরিকার রাষ্ট্রপতির পক্ষ থেকে শোক প্রকাশ করছি।
বানিয়ারচর ক্যাথলিক চার্চের পালক ফাদার রিংকু গোমেজের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মদ্যে ক্যাথলিক চার্চের বরিশাল বিভাগের বিশপ লরেন্স সুব্রত হালদার, ফাদার লাজরুচ গোমেজ, বিভুদান বৈরাগী বক্তব্য দেন।

পরে রাষ্ট্রদূত বিগত ২০০১ সালের ৩ জুন চার্চে প্রার্থনা অনুষ্ঠান চালাকালে বোমা বিস্ফোরণে নিহত ১০ জনের সমাধিতে মোমবাতি প্রজ্জ্বলন করে শোক জানান। এছাড়া নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
এর আগে মার্কিন রাষ্ট্রদূত তার স্ত্রী মিজ মিশেলকে নিয়ে গোপালগঞ্জ শহরের প্রসিদ্ধ মিষ্টির দোকান দত্ত মিষ্টান্ন ভান্ডারে যান এবং সেখানকার সন্দেশ খান। এ সময় তিনি দোকানের মালিক বাবলু দত্তের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং সেখান থেকে ৩০ কেজি সন্দেশ ক্রয় করেন।
প্রসঙ্গত, শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি গোপালগঞ্জে রাত্রিযাপন করেন।
এস এম হুমায়ুন কবীর/আরএআর/এমকেএইচ