কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক, নগদ অর্থ জব্দ
কক্সবাজার সদরে বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাত থেকে সকাল ৭টা পর্যন্ত উপজেলার বাংলাবাজার ও খরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খরুলিয়া সুতারচর এলাকার আলী আহমদের ছেলে মো. রাসেল (৪০), রামু উপজেলার পশ্চিম মেরংলোয়া এলাকার আলমগীর প্রকাশ আলমের স্ত্রী কামরুন্নাহার (৩২) এবং একই এলাকার মৃত নজিবুল আলমের ছেলে শওকত আলম (৩০)। তারা বর্তমানে কক্সবাজার সদরের মুক্তারকুল এলাকায় একটি ভাড়া বাসায় বাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, খরুলিয়া বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ফার্নিচার ব্যবসার আড়ালে একটি সংগঠিত চক্র ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক কারবার করে আসছে। তারা ব্যবসাকে ঢাল হিসেবে ব্যবহার করে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। স্থানীয়দের দাবি, আটক রাসেল এই চক্রের অন্যতম সক্রিয় সদস্য। এর আগেও তিনি একাধিকবার মাদক নিয়ে গ্রেফতার হয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, মাদক পাচার ও লেনদেনের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় মুক্তারকুল এলাকার হানিফের ছেলে আলমগীর নামের একজন পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রীসহ বাকি দুজনকে আটক করা হয়।
ওসি আরও জানায়, এ সময় মাদক কারবারিদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান জোরদার রেখেছে বলে উল্লেখ করেন ওসি।
সায়ীদ আলমগীর/কেএইচকে/জেআইএম