শেখ হাসিনা আলেমদের সম্মানিত করেছেন, খালেদা জিয়া কিছু দেননি : শফী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী বলেছেন, প্রধানমন্ত্রী আলেমদের সম্মানিত করেছেন। কওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমর্যাদা দিয়েছেন। তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। খালেদা জিয়া আলেমদের কিছু দেননি। এ জন্য তিনি এখন আফসোস করছেন।

বড় বড় আলেম কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের মাস্টার্সের সমমর্যাদা চেয়েছিলেন। কিন্তু কোনো সরকারের আমলেই এটির স্বীকৃতি পাওয়া যায়নি। শেখ হাসিনা এ স্বীকৃতি দিয়ে আলেমদের প্রশংসা নিয়েছেন।

মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের বারদী বাজার মারকাজ মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে বেফাকুল মাদারিসিল আরাবিয়া সোনারগাঁ শাখার আঞ্চলিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও ইসলামি মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাবলিগ জামাতের জন্য অনেক জায়গা জমি দিয়েছেন। উনার মেয়ে শেখ হাসিনা আমাদের মাস্টার্স পাসের মর্যাদা দিয়েছেন, যা দুনিয়ায় এখনও কেউ দেয়নি।

সোনারগাঁবাসীকে উদ্দেশ্যে আল্লামা শফী বলেন, আপনারা অনেক ভাগ্যবান। কারণ এ সোনারগাঁ থেকে একসময় এলেমে হাদিসের চর্চা শুরু হয়েছিল। আমার অনুরোধ সোনারগাঁয়ের প্রত্যেকটি মানুষ তার পরিবার থেকে অতন্ত একটি ছেলেকে আলেম বানাবেন।

অনুষ্ঠানে আল্লামা মুফতি মুহাম্মদ হাতেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন বারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা আব্দুল কাদের, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ প্রমুখ।

মো. শাহাদাত হোসেন/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।