১৫ বিঘা জমির আফিম ক্ষেত ধ্বংস করল বিজিবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১০:১০ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২০

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে ছয়টি আফিম ক্ষেত ধ্বংস করেছে বিজিবি। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার তিন্দু ইউনিয়নের ক্যাইয়াটাকপাড়ার আশপাশে অভিযান চালায় বিজিবি।

পরে ওই গ্রাম থেকে তিন কিলোমিটার দূরে গভীর জঙ্গলে পপি ক্ষেতের সন্ধান পায় বিজিবি । পরে তিন্দু ক্যাম্পে নায়েব সুবেদা মোখলেসুর রহমানের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে এই আফিম ক্ষেত ধ্বংস করে।

বিজিবি জানায়, ক্যাইয়াটাকপাড়ার পাশে কাজুবাদামের বাগান আর বিশাল জঙ্গল আছে। এমন পরিবেশে আফিমের চাষ করছিল দুর্বৃত্তরা।

৩৮ বিজিবির জোন কমান্ডার লে. মুহাম্মদ সানবির হাসান মজুমদার জানান, ক্যাইয়াকাপাড়া নামক স্থানের আশপাশে আফিম চাষ করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার জঙ্গলগুলোতে অভিযান চালানো হয়। সেখানে ১৫ বিঘা জমির ওপর ছয়টি পপি ক্ষেতের সন্ধান পাওয়া যায়। পরে সেগুলো ধ্বংস করা হয় ।

সৈকত দাশ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।