সিএনজিতে মিলল ১৪০০ বোতল ফেনসিডিল
কুমিল্লায় একটি সিএনজি থেকে ১৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ইব্রাহিম ওরফে ইবু (২৬) নামে একজনকে গ্রেফতার করা হয়।
রোববার গভীর রাতে জেলার আদর্শ সদর উপজেলার জালুয়াপাড়া এলাকা থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন বলেন, জেলা ডিবির ওসি মো. আনোয়ারুল আজিমের নেতৃত্বে রোববার গভীর রাতে জেলার জালুয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় সীমান্ত এলাকা থেকে শহরমুখী একটি সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়। সিএনজি থেকে পালিয়ে যাওয়ার সময় ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইব্রাহিম আদর্শ সদর উপজেলার সুবর্ণপুর এলাকার আলেক হোসেনের ছেলে। সিএনজি থেকে ১৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা। গ্রেফতারকৃত ইব্রাহিমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মো. কামাল উদ্দিন/এএম/এমকেএইচ