‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তি যুবলীগ নেতা হত্যা মামলার আসামি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:১৩ পিএম, ১৩ মার্চ ২০২০

কুমিল্লায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খোকন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত খোকন মুরাদনগর উপজেলা যুবলীগ নেতা সাধন হত্যা মামলার পলাতক আসামি ছিলেন। তিনি বরগুনা সদর উপজেলার ফুলতলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও চান্দিনা থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনার ছয়ঘরিয়া এলাকায় ওই অভিযান চালায়।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্বদানকারী ডিবির পরিদর্শক মোহা. ইকতিয়ার উদ্দিন। মূলত তিনিই যুবলীগ নেতা সাধন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা।

মোহা. ইকতিয়ার উদ্দিন জানান, নিহত ডাকাত খোকন জেলার মুরাদনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য খাইরুল আলম সাধন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। এ মামলায় ইতোপূর্বে গ্রেফতারকৃতরা জবানবন্দিতে তার নাম প্রকাশ করেছে।

তিনি আরও জানান, রাত সোয়া একটার দিকে জেলার চান্দিনা থানাধীন ছয়ঘরিয়া এলাকায় সশস্ত্র ডাকাত দল গাড়িতে ডাকাতির জন্য সমবেত হয়েছে এবং তাদের মধ্যে মুরাদনগর উপজেলা যুবলীগ নেতা সাধন হত্যা মামলার পলাতক আসামিও রয়েছে এমন খবর পেয়ে ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় ডাকাতদের গ্রেফতার করতে গেলে সশস্ত্র ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে।

পুলিশ ও ডাকাত দলের মধ্যে প্রায় ২৫ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে পুলিশের দুই সদস্য এবং ডাকাত দলের সদস্য খোকন গুলিবিদ্ধ হন। এ সময় সশস্ত্র অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্য এবং খোকনকে উদ্ধার করে কুমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড তাজা কার্তুজ, পাচঁ রাউন্ড ফায়ারকৃত গুলির খোসা, দুইটি রামদা, একটি ছুরি, একটি চাপাতি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার চান্দিনা থানায় মামলা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি যুবলীগ নেতা খায়রুল আলম সাধন ঢাকা থেকে কুমিল্লার মুরাদনগরে গ্রামের বাড়িতে আসার পথে দুর্বৃত্তদের হাতে খুন হন। তাকে হত্যার পর লাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুরে ফেলে দেয়া হয়।

কামাল উদ্দিন/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।