নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল মরদেহ
কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজ হওয়ার তিন দিন পর পুকুর থেকে এনামুল হক নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার জোড্ডা গ্রামে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরের কাদামাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এনামুলের স্ত্রী মাফিয়া বেগম, ছেলে সুমন, সুজন, শাহপরান, ছেলের স্ত্রী সুরমা বেগমকে আটক করেছে পুলিশ। এনামুল স্থানীয়ভাবে ‘দরবেশ’ বলে পরিচিত।
পরিবারের বরাত দিয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন জানান, ১৯ এপ্রিল রাতের খাবার শেষে সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হন এনামুল হক। ওই রাতে তিনি বাড়ি না ফেরায় তার স্ত্রী মাফিয়া বেগম বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে কাদামাটির নিচে এনামুল হকের মরদেহের সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারকারী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী মাফিয়া বেগম, ছেলে সুমন, সুজন, শাহপরান, ছেলের স্ত্রী সুরমা বেগমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
মো. কামাল উদ্দিন/এসজে/জেআইএম