অপহরণের ৬ ঘণ্টার মধ্যে যুবক উদ্ধার, গ্রেফতার ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ৩১ মে ২০২১

কুমিল্লায় অপহরণের ৬ ঘণ্টার মধ্যে ইয়াছিন (৩০) এক যুবককে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় অপহরণকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।

রোববার (৩০ মে) নগরীর গোবিন্দপুর এলাকার অভিযান চালিয়ে খন্দকার ভিলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দিশাবন এলাকার সাহেব আলীর ছেলে জুম্মন মিয়া (২৮), নগরীর দক্ষিণ চর্থা এলাকার কানু মিয়ার ছেলে মাহবুব মিয়া (৩৩), কুমিল্লা সদর উপজেলার ঝাকুনি পাড়া এলাকার মোস্তফার ছেলে রাসেল (২১), নগরীর সংরাইশ এলাকার আলমের স্ত্রী আরজু বেগম (২৮), নূরপুর এলাকার সমনের স্ত্রী সেলিনা আক্তার (৩৫) ও নবগ্রাম এলাকার সুমনের স্ত্রী জোৎস্না বেগম (২৮)।

উদ্ধার হওয়া ইয়াছিন জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাগৈগ্রামের আকমত আলীর ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম রাত ৮টায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার সকাল ১০টায় মিস্ত্রী ইয়াছিন কুমিল্লায় এলে নগরীর টমছম ব্রিজ এলাকা থেকে তাকে অপহরণ করেন এ চক্রের সদস্যরা। এরপর তারা ইয়াছিনের স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করেন।

ইয়াছিনের পরিবার বিষয়টি কুমিল্লা ডিবি পুলিশকে জানালে অভিযানে বের হয় পুলিশ। একইদিন বিকেল ৪টায় নগরীর গোবিন্দপুর এলাকার খন্দকার ভিলা থেকে ইয়াছিনকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় অপহরণ মামলা শেষে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।