কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
কুমিল্লায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আবদুল লতিফ নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ জুলাই) নগরীর ১০নং ওয়ার্ড দারোগাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল লতিফ নীলফামারী সদর উপজেলার উত্তর কালিকাপুর গ্রামে বাসিন্দা।
নিহতের চাচাতো ভাই মো. হাবিবুর রহমান জাগো নিউজকে জানান, সকাল থেকে তারা কয়েকজন দারোগাবাড়ি এলাকায় একটি ৯ তলার নির্মাণাধীন ভবনের ৫তলায় কাজ করছিলেন। আবদুল লতিফ কাজ করেন নিচতলায়। এক পর্যায়ে তারা নিচে এসে দেখেন আবদুল লতিফ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে রয়েছেন। দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জাগো নিউজকে বলেন, বিষয়টি শুনেছি। বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।
জাহিদ পাটোয়ারী/এএইচ/এমএস