রয়টার্সের প্রতিবেদন

খামেনি হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভে গুলি চালায় মার্কিন বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৬ এএম, ০৩ মার্চ ২০২৬
রোববার (১ মার্চ) করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে নিরাপত্তা কর্মীদের কঠোর পাহারা/ ছবি: এএফপি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আমেনিকে হত্যার প্রতিবাদে রোববার (১ মার্চ) পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেট ঘিরে বিক্ষোভ শুরু হয়। আর ওই বিক্ষোভে গুলি চালায় মার্কিন নৌবাহিনীর অভিজাত শাখা মেরিন কর্পসের সেনারা। মঙ্গলবার (৩ মার্চ) এমনটিই দাবি করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থাটি দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, রোববার (১ মার্চ) কনস্যুলেট এলাকায় বিক্ষোভকারীদের ওপর মেরিনদের গুলি চালানোর ঘটনা এটাই প্রথম।

কর্মকর্তারা রয়টার্সকে বলেন, মেরিনদের ছোড়া গুলিতে কেউ নিহত বা আহত হয়েছে কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তারা এটিও জানাতে পারেননি যে মিশন সুরক্ষায় নিয়োজিত অন্য কেউ- যেমন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী বা স্থানীয় পুলিশ গুলিবর্ষণে অংশ নিয়েছিল কি না।

বিক্ষোভ চলাকালে কম্পাউন্ডের বাইরের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করলে অন্তত ১০ জন নিহত হন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

এ বিষয়ে প্রাদেশিক সরকারের মুখপাত্র সুখদেব আসারদাস হেমনানি বলেছেন, ঘটনাস্থলে ‘নিরাপত্তা’ বাহিনী গুলি চালিয়েছে, তবে তারা কোন বাহিনীর সদস্য ছিলেন, তা তিনি নির্দিষ্ট করে জানাননি।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।