কেনাকাটা শেষ, বিয়ের একদিন আগে ঘরে পাওয়া গেল মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:১০ এএম, ০৮ জুলাই ২০২১

কুমিল্লায় ফ্ল্যাটের দরজা ভেঙে মুজিবুর রহমান স্বপন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা নগরীর নানুয়াদীঘির পাড় এলাকায় তিন তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুজিবর রহমানের ছোট ভাই মোবারক হোসেন বলেন, ‘শুক্রবার (৯ জুলাই) তার বিয়ে। এর আগে তিনি আরও দুটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়েছে। দ্বিতীয়টি মারা গেছেন। শুক্রবার তৃতীয় বিয়ের জন্য সব কেনাকাটাও শেষ। নানুয়াদীঘির পাড়ে একটি ফ্ল্যাট মুজিব ভাই একাই থাকতেন।’

তিনি আরও বলেন, ‘বুধবার দুপুর থেকে তাকে ফোনে না পেয়ে রাতে বাসায় গিয়ে দরজা বন্ধ দেখতে পাই। ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দিই। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে ভাইয়ের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার রুমের টিভি চলছিল।’

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মুখ থেকে রক্ত বের হতে দেখা গেছে। এটি স্বাভাবিক মৃত্যু কি-না নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

জাহিদ পাটোয়ারী/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।