প্রবাসে ছেলের মৃত্যুর শোক সইতে পারলেন না বাবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:০৭ পিএম, ০৮ জুলাই ২০২১

প্রবাসে করোনা আক্রান্ত হয়ে ছেলের মৃত্যুর সংবাদে মারা গেলেন বাবাও। পিতা ও পুত্রের মৃত্যুর ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় চলছে শোকের মাতম। কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের হাজারী বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন-উপজেলার কালিকাপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের হাজারী বাড়ির সিরাজুল ইসলাম ও তার প্রবাসী ছেলে মঞ্জুর ইসলাম।

বৃহস্পতিবার (৮ জুলাই) মালয়েশিয়া থেকে মঞ্জুর ইসলামের বন্ধু আবদুল গফুর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিবেশী ফখরুল হাসান জাগো নিউজকে বলেন, ‘পরিবারের সদস্যদের সুখের কথা চিন্তা করে জীবিকার তাগিদে মঞ্জুর ইসলাম মালয়েশিয়ায় পাড়ি জমান। তার পাঠানো অর্থে পরিবার ভালোভাবে চলছিল। কিন্তু কয়েকদিন আগে মঞ্জুর ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ জুলাই) সকালে তার মৃত্যু হয়।’

ফখরুল হাসান আরও বলেন, ‘ছেলের মৃত্যুর খবর শোনামাত্র পিতা সিরাজুল ইসলাম অজ্ঞান হয়ে পড়েন এবং বুধবার রাতেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (৮ জুলাই) বাদ জোহর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে ড্রাগন গ্রুপে চাকরি করতেন। পিতা-পুত্রের মৃত্যুতে পরিবারসহ আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।’

জাহিদ পাটোয়ারী/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।