চিকিৎসককে পিস্তল ঠেকিয়ে চাঁদা আদায় : সেই সাগর গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:২০ পিএম, ০৯ আগস্ট ২০২১

কুমিল্লার তিতাসে গরিবের ডাক্তারখ্যাত এক পল্লী চিকিৎসকের চেম্বারে ঢুকে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে চাঁদা আদায় করা অভিযুক্ত সাগরকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। সাগর উপজেলার শাহপুর গ্রামের মৃত হাবুল মিয়ার ছেলে ও মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই।

সোমবার (৯ আগস্ট) ভোরে রাজধানীর ডেমরার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুদিন চন্দ্র দাস সোমবার (৯ আগস্ট) বেলা ১১টায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রোববার রাতে ভাইরাল ভিডিওটি আমাদের নজরে আসে। এরপর আমরা অভিযানে নামি। অভিযুক্ত সাগরকে সোমবার ভোরে ডেমরা থানার মাতুইল এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে যে পিস্তল দেখিয়ে সাগর চাঁদাবাজি করে আসছিল, তা এখনো উদ্ধার করা যায়নি। তাকে নিয়ে আমরা অস্ত্র উদ্ধার অভিযানে বের হয়েছি।’

ওসি শুদিন চন্দ্র দাস আরও বলেন, ‘সাগরের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ মোট ৮টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ছাড়াও একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফেতারি পরোয়ানা রয়েছে।’

এর আগে রোববার বিকেল ৪টার দিকে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শান্তির বাজারে চিকিৎসক শামসুল হুদার চেম্বারে ঢুকে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন সাগর। তাকে নগদ ও বিকাশের মাধ্যমে ৩৯ হাজার টাকাও দেন শামসুল হুদা। এসময় সিসি ক্যামরায় ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে সাগরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে পুলিশ।

জাহিদ পাটোয়ারী/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।