ওসির সামনেই ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ছবি ভিডিও থেকে নেওয়া

নাটোরের গুরুদাসপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সরকারি কর্মকর্তাদের সামনেই হাটের ইজারাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় গুরুদাসপুর উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রাকিবুর রহমান রাজা নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি স্থানীয় সংসদ সদস্য (এমপি) আব্দুল আজিজের আস্থাভাজন হিসেবে এলাকায় পরিচিত।

ভুক্তভোগী তুলাধোনা বাজারের নতুন হাট ইজারাদার ওবায়দুল ইসলাম তপু জানান, গুরুদাসপুর উপজেলা পরিষদের সভাকক্ষে হাট-বাজার ইজারা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টেন্ডারের মাধ্যমে তিনি তুলাধুনা হাটের ইজারা পান।

তিনি অভিযোগ করেন, সভা শেষে ইউএনও অফিসের সামনে বের হওয়ার সময় ওসি ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতেই রাকিবুর রহমান রাজা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়।

তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা রাকিবুল রহমান রাজা। তিনি বলেন, ‌‘এক বছর আগে থেকেই তপুর কাছে আমার পাঁচ লাখ টাকা পাওনা রয়েছে। সেই টাকাই চেয়েছি। পুলিশ প্রশাসন ও এত লোকের সামনে চাঁদা কেন চাইতে যাবো?’

এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তার দাবি, চাঁদা বা টাকা দাবি করার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে রাজা ক্ষোভের বশবর্তী হয়ে তপুকে ‘এলাকায় আয়, তোকে দেখে নেবো’ বলে মন্তব্য করেছেন।

ওসি আরও বলেন, ইজারাদার নিরাপত্তাহীনতায় ভুগলে এবং থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল করিম রেজা/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।