ইরানে সব লক্ষ্য অর্জন ছাড়া থামছে না ট্রাম্পের ‘অপারেশন এপিক ফিউরি’
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ এখনই থামছে না। সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত মার্কিন বাহিনীর এ অভিযান চলবে। ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ঘোষণা করেছেন।
ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, ওয়াশিংটনের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই পূর্ণশক্তির অভিযান অব্যাহত থাকবে।
প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে দাবি করেন যে, মার্কিন বাহিনী এরই মধ্যে ইরানের শত শত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থাপনা এবং ইরানের শক্তিশালী এই বাহিনীর প্রধান ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
একই সঙ্গে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এয়ার ডিফেন্স’ সিস্টেমগুলোকে অকেজো করে দেওয়ারও দাবি করেছেন ট্রাম।
এই ভিডিও বার্তায় ট্রাম্প জানান, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ইরানের ৯টি যুদ্ধজাহাজ এবং তাদের নৌ-সদরদপ্তর ধ্বংস করা হয়েছে।
আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু নিশ্চিত করে ট্রাম্প তাকে ‘জঘন্য ও ঘৃণ্য’ ব্যক্তি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, খামেনির হাতে হাজার হাজার আমেরিকানের রক্ত লেগে ছিল এবং তিনি বিশ্বজুড়ে অগণিত নিরপরাধ মানুষের হত্যার জন্য দায়ী ছিলেন।
ট্রাম্প ইরানি সেনাবাহিনী, পুলিশ এবং বিপ্লবী গার্ড বাহিনীকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। যারা অস্ত্র ত্যাগ করবে তাদের ক্ষমা করার প্রতিশ্রুতি দিলেও, যারা প্রতিরোধ করবে তাদের ‘নিশ্চিত মৃত্যু’ হবে বলে সতর্ক করেছেন।
একইসাথে তিনি সাধারণ ইরানিদের উদ্দেশ্যে বলেন ‘সাহসী হোন, বীরত্ব দেখান এবং আপনাদের দেশ পুনরুদ্ধার করুন। আমেরিকা আপনাদের পাশে আছে।’
এই অভিযানে এখন পর্যন্ত ৩ জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন ট্রাম্প। ট্রাম্প সতর্ক করেছেন যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে আমেরিকানদের মৃত্যুর প্রতিশোধ নিতে সন্ত্রাসীদের ওপর ‘সবচেয়ে কঠিন আঘাত’ হানার অঙ্গীকার করেছেন তিনি।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট
কেএম