লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা চালানোর পর লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। খবর আল জাজিরার।
ইরানের মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সোমবার (২ মার্চ) ভোরে জানিয়েছে যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ হিসেবে ‘লেবানন এবং তার জনগণের প্রতিরক্ষায়’ এবং ‘বারবার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধেই’ তাদের এই আক্রমণ।
হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, প্রতিরোধ নেতৃত্ব সর্বদা নিশ্চিত করেছে যে, ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রাখা এবং আমাদের নেতা, তরুণ এবং আমাদের নিজেদের রক্ষা করার উপযুক্ত সময় এবং স্থানে প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে।
এই সহিংসতা একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং অন্যদিকে ইরান ও তার মিত্রদের আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে।২০২৪ সালের যুদ্ধে হিজবুল্লাহ কিছুটা দুর্বল হয়ে পড়েছে। ইসরায়েল তাদের বেশিরভাগ সামরিক ও রাজনৈতিক নেতাকে হত্যা করেছে। ফলে গোষ্ঠীটি ইসরায়েলের কতটা ক্ষতি করতে পারবে বা এর হস্তক্ষেপ ইরানের ক্ষমতার ভারসাম্যকে অর্থপূর্ণভাবে পরিবর্তন করতে পারে কি না তা এখনো স্পষ্ট নয়।
এদিকে হিজবুল্লাহর হামলার পর পরই দক্ষিণ বৈরুতে বিমান হামলা চালিয়ে দ্রুত পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। স্থানীয় সংবাদমাধ্যমগুলো দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রামে এবং দেশের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় ইসরায়েলি হামলার খবর দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবানন জুড়ে ‘জোরালোভাবে হিজবুল্লাহর ওপর আক্রমণ’ চালাচ্ছে।
টিটিএন