কুসিক নির্বাচন: মাঠে নেমেছে বিজিবি
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে ঘিরে নগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে নগরীতে টহল শুরু করেছেন বিজিবি সদস্যরা।
রোববার (১৫ মে) সকাল থেকে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসহাক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে কুসিকের ২৭টি ওয়ার্ডে টহলে থাকবেন বিজিবি সদস্যরা। তাদের সঙ্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও থাকবেন।
রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি দেখতে মাঠে রয়েছেন। রোববার থেকে এক প্লাটুন বিজিবিও মাঠে নেমেছে।
তিনি আরও জানান, কুসিক নির্বাচনে ১৮৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচজন মেয়র, ১৪৭ কাউন্সিলর এবং ৩৭ সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী। মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন।
তফসিল অনুযায়ী, কুসিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে এবং প্রতীক বরাদ্দ ২৭ মে। আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাহিদ পাটোয়ারী/এএইচ/জিকেএস