ভাসানচর থেকে পালিয়ে আসা আরও ৯ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:০৩ এএম, ০৫ জুলাই ২০২২
আটক রোহিঙ্গারা

ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ নয় রোহিঙ্গাকে আটক করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের স্থানীয়রা। সোমবার (৪ জুলাই) রাত ১০টায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

আটক রোহিঙ্গারা হলেন- ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮৩ নম্বর ক্লাস্টারের মো. মনির আহমদের ছেলে জাহেদুল্লাহ (২১), ৭০ নম্বর ক্লাস্টারের লোকমান হাকিমের ছেলে নুরুল হাকিম (২৪), ২৮ নম্বর ক্লাস্টারের মো. খলিলের ছেলে ওমর ফারুক (১৪), ৫৪ নম্বর ক্লাস্টারের নুর কবিরের মেয়ে মাজেদা বেগম (১৫), ৭ নম্বর ক্লাস্টারের মনিরুল হকের স্ত্রী মমতাজ বেগম (২০), তার মেয়ে মনিকা বেগম (৮ মাস), ১৪-বি ক্লাস্টারের আমির হামজার স্ত্রী হোসনে আরা (২০), তার ছেলে নুর ছাদেক (৫) ও আনোয়ার ছাদেক (২)।

স্থানীয় চরকাঁকড়া ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৌরভ হোসেন জাগো নিউজকে জানান, রাত ৯টার দিকে চরএলাহী ঘাট থেকে এসে তারা বসুরহাটের দিকে যাওয়ার চেষ্টা করেন। তাদের কথাবার্তায় সন্দেহ হলে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ভাসানচর থেকে কক্সবাজারের কুতুপালং যেতে পালিয়ে এসেছেন বলে স্বীকার করেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, ঊধ্র্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আটক রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

এর আগে সোমবার (৪ জুলাই) দুপুরে সূবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে আরও পাঁচ রোহিঙ্গাকে স্থানীয়রা আটক করে চরজব্বর থানায় সোপর্দ করেন। তাদেরকেও ভাসানচর পাঠানো হবে বলে জানিয়েছেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস।

ইকবাল হোসেন মজনু/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।