বাড়ির পাশের পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে রুবি আক্তার (৭) ও রাফিয়া আক্তার (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের ভ্যানচালক আব্দুর রহিম তালুকদারের মেয়ে।
রহিম তালুকদার জানান, দুই মেয়েকে মায়ের কাছে রেখে তিনি জুমার নামাজ পড়তে যান। পরে বাড়ি ফিরে মেয়েদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশী নওয়াব চৌধুরীর বাড়ির পুকুরে দুজনের মরদেহ দেখতে পান। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নিয়াজ মাহমুদ ফয়সাল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, হাসপাতাল থেকে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আরএইচ/এএসএম