মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

শ্রীলঙ্কা উপকূলে ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়েছে যুক্তরাষ্ট্রের সাবমেরিন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ০৪ মার্চ ২০২৬
শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাহাজে হামলা হয়েছে/ ফাইল ছবি: এনডিটিভি

শ্রীলঙ্কা উপকূলের ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনায় দায় স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে।

বুধবার (৪ মার্চ) পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, একটি ইরানি যুদ্ধজাহাজ আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ ভেবেছিল। কিন্তু একটি মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় সেটি ডুবে গেছে।

তিনি দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো শত্রু জাহাজ টর্পেডো দিয়ে ডুবানো হলো।

এর আগে, ভারতে আন্তর্জাতিক নৌ-মহড়া শেষে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলে হামলার শিকার হয় ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা। বুধবার (৪ মার্চ) ভোরে একটি সাবমেরিন থেকে চালানো টর্পেডো বা ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটি ডুবে গেছে বলে প্রাথমিক সূত্রে দাবি করা হয়। দুর্ঘটনায় জাহাজের ১৮০ জন নাবিকের মধ্যে অন্তত ১০১ জন নিখোঁজ রয়েছেন। বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে লঙ্কান কর্তৃপক্ষ।

এদিন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও আরও জানান, মার্কিন বাহিনী ইরানের তথাকথিত ‘প্রাইজ শিপ’ আইআরআইএস সোলেইমানিকেও ডুবিয়ে দিয়েছে। জাহাজটির নামকরণ করা হয়েছিল ইরানের সাবেক জেনারেল কাসেম সোলেইমানির নামে, যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন।

হেগসেথ বলেন, ‘মনে হচ্ছে, প্রেসিডেন্ট তাকে দ্বিতীয়বারের মতো আঘাত করলেন।’

সূত্র: আল-জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।