কুমিল্লায় হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২
প্রতীকী ছবি

কুমিল্লায় হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে একজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সেলিনা আক্তার এ রায় ঘোষণা করেন।

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন লক্ষ্মীপুর জেলার উত্তর চরলরেন্স গ্রামের আহসান উল্লাহ ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছিকনিয়া পূর্বটিলা গ্রামের হোসেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার মোহনপুর এলাকার সামসুল হককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই তিন আসামিই বর্তমানে পলাতক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মজিবুর রহমান জানান, ২০০৬ সালের ২০ জুন রাতে ছিনতাইয়ের সময় ফেনীর পরশুরাম এলাকার জয়নাল আবেদীনকে গলায় গামছা প্যাঁচিয়ে খুন করেন আহসান উল্লাহ, হোসেন ও সামসুল হক। কুমিল্লার চৌদ্দগ্রামের আমনগণ্ডা এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার শাহ আলম মামলা করেন।

দীর্ঘ শুনানি ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন আদালত।

জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।