মোহাম্মদপুর

রাতে সাঁড়াশি অভিযান, শতাধিক চাঁদাবাজ-কিশোর গ্যাং সদস্য আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০০ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
পুলিশের অভিযানে আটক কয়েকজন/ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদককারবারীদের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসময় শতাধিক ব্যক্তিকে আটক করে সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে ২টা পর্যন্ত টানা এ অভিযান চালায়। পবিত্র রমজান মাসে জনসাধারণের নিরাপদে রোজা পালন এবং শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদ্‌যাপন নিশ্চিত করতেই অভিযানটি পরিচালনা করা হয় বলে জানান থানা সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে নেতৃত্ব দেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। এসময় মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন ও সংশ্লিষ্ট থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন।

ডিসি ইবনে মিজান বলেন, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে মোহাম্মদপুর ও আদাবর থানার যৌথ অভিযানে বিভিন্ন পর্যায়ের শতাধিক অপরাধীকে আটক করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে, যাতে এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীরা পুনরায় সক্রিয় হতে না পারে।

টিটি/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।