জেলা পরিষদ নির্বাচন

কুমিল্লায় বিনা ভোটে জয়ের পথে আওয়ামী লীগের প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:৫৩ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২২
আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু/ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন দুজন প্রার্থী। তাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মো. দুলাল মিয়া।

তবে স্বতন্ত্র প্রার্থী দুলাল মিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান পদে জয়ের পথে।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই-বাছাইয়ের শেষ দিনে কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। একই সময়ে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মফিজুর রহমান বাবলুর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

কামরুল হাসান বলেন, স্বতন্ত্র প্রার্থী দুলাল মিয়ার মনোনয়নপত্রের সমর্থনকারী সালামত উল্লাহ জাতীয় পরিচয়পত্র ও এফিডেভিট সহকারে আমাদেরকে অবহিত করেছেন, দুলাল মিয়ার মনোনয়নপত্রের সমর্থনকারীর ওই সইটি তার নয়।

এছাড়া প্রস্তাবকারীর সইও জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল পাওয়া যায়নি। এর পরিপ্রেক্ষিতে জেলা পরিষদ নির্বাচন বিধিমালা অনুয়ায়ী স্বতন্ত্র প্রার্থী দুলাল মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী দুলাল মিয়া জাগো নিউজকে বলেন, ষড়যন্ত্রমূলকভাবে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি মনোনয়নপত্র বাছাইয়ে সিদ্ধান্তের বিষয়ে আপিল করবেন।

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই একটি প্রভাবশালী মহল আমাকে এবং আমার প্রস্তাব ও সমর্থনকারীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। আমার বিশ্বাস ওই মহলটি প্রভাব খাটিয়ে ষড়যন্ত্র করে মনোনয়নপত্র বাতিল করিয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে মনোনয়নপত্র বাছাইয়ে সিদ্ধান্তের বিষয়ে আপিল করা যাবে ১৯-২১ সেপ্টেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ২২-২৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ হবে ২৬ সেপ্টেম্বর।

নির্বাচনে ভোটার সংখ্যা দুই হাজার ৬৮০ জন। এর মধ্যে পুরুষ দুই হাজার ৫৩ এবং নারী ভোটার রয়েছেন ৬২৭ জন।

জাহিদ পাটোয়ারী/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।