কুমিল্লায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০২২

কুমিল্লার মুরাদনগরে বিষপানে মা ও মেয়ের আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার (৩১ ডিসেম্বর) ভোরে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন পরমতলা গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার স্ত্রী পারভীন বেগম (৪৮) ও মেয়ে মিম আক্তার (১৩)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দেড় বছর আগে দুই ছেলে ও এক মেয়ে রেখে ইব্রাহিম মিয়া মারা যান। ধারদেনা করে মানসিক ভারসাম্যহীন একমাত্র মেয়েকে সুস্থ করে তুলতে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন মা পারভীন বেগম। দীর্ঘদিন চিকিৎসার পরেও মেয়ে মিম আক্তার সুস্থ হয়ে না ওঠায় এবং দেনার দায়ে শনিবার ভোর ৪টার দিকে প্রথমে তিনি বিষপান করে পরে মেয়ে মিমকেও জোর করে বিষ পান করান।

এসময় মিমের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য পাশের দাউদকান্দি উপজেলার গৌরীপুর হাসপাতালে নেওয়ার পথে পারভীন আক্তার মারা যান। দুপুর ১২টার দিকে মেয়ে মিমও কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যায়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জাগো নিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, আর্থিক অনটনের কারণে ওই নারী প্রথমে বিষপান করেন। পরে তার মেয়েকেও বিষপান করান বলে জানতে পেরেছি।

জাহিদ পাটোয়ারী/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।