কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:৪২ পিএম, ০৯ জানুয়ারি ২০২৩

কুমিল্লায় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে আলী হাসান রিয়াদ (২৯) ও চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামের আলী আহমেদের ছেলে মো. শামীম (২৮)।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি রাজেশ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শাসনগাছা এলাকায় দুই সন্ত্রাসীর ওপর গোয়েন্দা নজরদারি করা হয়। রোববার রাতে অস্ত্রসহ আলী হাসান রিয়াদ শাসনগাছা এলাকার মীম হাসপাতালের সামনে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে শাসনগাছা কফি হাউজ-২ অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তার সহযোগী শামীমকে গ্রেফতার করা হয়। পরে দুইজনের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরতলীর চম্পকনগর এলাকার ভাড়া বাসা থেকে বাকি সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।