৬তলা ভবন থেকে লাফিয়ে পড়লো দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরী
কুমিল্লার হোমনায় ৬তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে মিলা আক্তার (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সোমবার (৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ গেট সংলগ্ন সিটি মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত মিলা আক্তার উপজেলা সদরের খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে উপজেলার মহিষমারী গ্রামের মিজান সরকারের মেয়ে। মিলা একজন মানসিক ও দৃষ্টি প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, তার মা মরিয়ম সিটি মার্কেটে অবস্থিত একটি প্রাইভেট হাসপাতালে সেবিকার চাকরি করেন। সেই সুবাদে ওই ভবনের উপরের তলায় তারা ভাড়া বাসায় বসবাস করেন। দুপুরে ওই ভবনের ছাদ থেকে লফিয়ে পড়ে আত্মহত্যা করে মিলা। তবে কী কারণে আত্মহত্যা করেছে কিছুই জানা যায়নি। সে মানসিক ও দৃষ্টি প্রতিবন্ধী ছিল।
খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, মিলা মাঝে মধ্যে এলোমেলো কথাবার্তা বলত। পরিচতজনদের মতে তার চিকিৎসা চলছিল এবং সে চুপচাপ থাকত। মাঝে মধ্যে খুব বেশি উত্তেজিত হয়ে পড়ত।
মিলার ফুফাতো ভাই হাবিবুর রহমান জানান, মিলা জন্মগতভাবেই মানসিক প্রতিবন্ধী ছিল। তাকে ঢাকায় চিকিৎসা করানো হয়েছে। এখনও চিকিৎসাধীন। সে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী ভাতাও পায়। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিল।
কর্তব্যরত চিকিৎসক ডা. ফাদলুল আজিম আবরার বলেন, হাসপাতালে আনার পর পরীক্ষা নীরিক্ষা করে দেখা গেছে সে মৃত। ছাদ থেকে পড়ার কারণে তার থুতনী ও পায়ে আঘাতের চিহ্ন ছিল।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। সে মানসিক ও দৃষ্টি প্রতিবন্ধী ছিল। তাকে চিকিৎসাও করানো হচ্ছিল। সমাজসেবা অধিদপ্তর থেকে সে ভাতাও পেত। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই বলেও তিনি জানান।
জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস