ছাগলে কাঁঠাল পাতা খাওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে কৃষক খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:৫৩ এএম, ০৪ আগস্ট ২০২৩

কুমিল্লার মুরাদনগরে ছাগলে কাঁঠাল গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে বিল্লাল সরকার (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজারের পূর্বধইর পশ্চিম ইউনিয়নের এলখাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক বিল্লাল সরকার এলখাল গ্রামের মৃত ইসমাইল সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে নিহত বিল্লাল সরকারের নতুন বাড়িতে লাগানো কাঁঠাল গাছের পাতা খেয়ে ফেলে পাশের বাড়ির কালন মিস্ত্রির ছেলে জাকির হোসেনের দুটি ছাগল। বিষয়টি দৃষ্টিগোচর হলে বিল্লালের বড়ভাই মৃত খলিল সরকারের স্ত্রী সেলিনা আক্তার ছাগল দুটিকে বাড়িতে এনে বেঁধে রাখেন। খবর পেয়ে কালন মিস্ত্রির পরিবারের সদস্যরা ছাগল নিতে এলে উভয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে কালন মিস্ত্রি, তার ছেলে জাকির হোসেন ও পরিবারের অন্যান্য সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে বিল্লাল সরকারের বাড়িতে হামলা করে। এক পর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন বিল্লাল সরকার। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন চৌধুরী জাগো নিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।