রাজবাড়ীতে তিন দিনব্যাপী বইমেলা শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ীতে তিন দিনব্যাপী বইমেলার শুরু হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

উদ্বোধন শেষে জেলা প্রশাসকসহ অতিথিরা মেলায় স্থানপ্রাপ্ত স্টলগুলো পরিদর্শন করেন। এসময় মেলায় আগত দর্শনার্থী, পাঠক, কবি ও লেখকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ।

অতিথিরা বলেন, মানুষকে সঠিক পথে ফেরাতে বই পড়ার বিকল্প নেই। বই জ্ঞানের আলো। তাই বইয়ের প্রতি সবাইকে আগ্রহী করে গড়ে তুলতে হবে। পাঠক ও ক্রেতাদের আগ্রহ বাড়লে কবি-লেখকদের লেখার প্রতিও আগ্রহ বাড়বে।

রাজবাড়ীতে তিন দিনব্যাপী বইমেলা শুরু

উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজভী জামান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের সহ-সভাপতি মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপি নেতা গাজী আহসান হাবিবসহ বীর মুক্তিযোদ্ধা, কবি, লেখক, ছড়াকার ও পাঠকগণ উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আজ থেকে রাজবাড়ীতে তিন দিনব্যাপী মেলা শুরু হয়েছে। এখানে লেখক, পাঠক, ছড়াকার ও সাংস্কৃতিক কর্মীসহ সবার জন্য বই প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

মেলায় এসে সবাই বই পড়া ও ভাষা সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি সবাইকে বাংলা ভাষা চর্চায় অনুপ্রাণিত হবার আহ্বান জানান তিনি।

পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

রুবেলুর রহমান/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।