অর্থমন্ত্রীর জন্য ভোট চাইলেন নাঙ্গলকোটের ওসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:০৯ পিএম, ১৫ আগস্ট ২০২৩
বক্তব্য রাখছেন ওসি ফারুক হোসেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য ভোট চেয়েছেন কুমিল্লার নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে নাঙ্গলকোট উপজেলার মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য ভোট চান তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ওসির ভোট চেয়ে দেওয়া বক্তব্যের ২৯ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে ওসি ফারুককে বলতে শোনা যায়, নাঙ্গলকোট উপজেলার মানুষ গণহারে, গণমানুষের মত করে উনাকে (আ হ ম মুস্তফা কামাল) আবার নির্বাচিত করবেন। এটা আমার মনের দিক থেকে আপনাদের প্রতি মিনতি। আসলে মাননীয় অর্থমন্ত্রী নাঙ্গলকোটে এত বেশি উন্নয়ন করেছেন। আমি যদি পূর্বের ইতিহাস শুনি- নাঙ্গলকোটে অনেক জায়গায় রাস্তাঘাটও ছিল না, বিদ্যুৎ ছিল না। উনি যখন এলেন, আপনাদের মন জয় করলেন এবং আপনাদের উন্নয়নের শিখরেও পৌঁছে দিলেন। উনি সব উন্নয়ন আপনাদের জন্যই করেছেন।

jagonews24

এদিন নাঙ্গলকোট উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন। এতে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন কালু, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ও নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।

ভাইরাল হওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওসি মো. ফারুক হোসেন জাগো নিউজকে জানান, বক্তব্যের সময় হয়ত ভাষাগত সমস্যা হতে পারে। তাছাড়া ভাইরাল বক্তব্যটি আমি এখনো দেখিনি। না দেখে কী মতামত দেবো? আমার এক শ্বশুর মারা গেছেন, আমি সেখানে আছি। এ বিষয়ে পরে কথা বলবো, এখন শোকের মধ্যে আছি। বিষয়টাতো বুঝতে পারছেন।

ওসির ভোট চাওয়া নিয়ে প্রতিক্রিয়া জানতে চেয়ে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নানকে একাধিকবার ফোনকল করা হলেও তিনি রিসিভ করেননি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য।

জাহিদ পাটোয়ারী/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।