ঈদেই অ্যাকশন হিরো হয়ে আসছেন প্রীতম, নায়িকা মেহজাবীন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:২০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রীতম ও মেহজাবীন

গান আর অভিনয়, দুই অঙ্গনেই সমান জনপ্রিয় প্রীতম হাসান। তিনি এবার ঈদে হাজির হচ্ছেন ভিন্ন এক রূপে। জীবনঘনিষ্ঠ ও রোমান্টিক চরিত্রে অভ্যস্ত এই শিল্পী নতুন ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’-এ অভিনয় করছেন অ্যাকশন ঘরানার চরিত্রে। সিরিজটি রচনা ও পরিচালনা করছেন শিহাব শাহীন।

ইতোমধ্যে সিরিজটির বেশিরভাগ অংশের শুটিং শেষ হয়েছে। প্রীতমের বিপরীতে অভিনয় করছেন মেহজাবীন চৌধুরী। এই প্রথমবার একসঙ্গে কাজ করছেন তারা।

প্রীতম জানান, দর্শক তাকে আগে যে ধরনের চরিত্রে দেখেছেন, ‘ক্যাকটাস’-এ তার চরিত্রটি একেবারেই আলাদা। পুরো গল্প এখনই প্রকাশ না করলেও তিনি ইঙ্গিত দিয়েছেন, সিরিজটিতে থাকবে জেমস বন্ডের ‘০০৭’-এর মতো একটি থ্রিলার গোয়েন্দা গল্পের আমেজ। অর্থাৎ অ্যাকশন, রহস্য ও স্টাইলিশ উপস্থাপনার মিশেল থাকছে এতে।

তিনি আরও বলেন, নির্মাতা শিহাব শাহীন খুব যত্ন নিয়ে কাজটি করছেন এবং ঈদের কনটেন্টগুলোর মধ্যে ‘ক্যাকটাস’ প্রশংসিত হবে বলেই তার বিশ্বাস।

এর আগে শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ওয়েব কনটেন্টে অভিনয় করেছিলেন প্রীতম, যা মুক্তি পেয়েছিল চরকি-তে। ‘ক্যাকটাস’ সিরিজটিও মুক্তি পাবে একই প্ল্যাটফর্মে।

সিরিজটিতে আরও অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার ও সানজিদা তাসনিম।

অভিনয়ের পাশাপাশি নতুন গান নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রীতম। এর আগে শাকিব খান অভিনীত ‘তুফান’, ‘তাণ্ডব’ ও ‘বরবাদ’ সিনেমার গান দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। আসন্ন ঈদেও শাকিব খানের নতুন একটি সিনেমার জন্য গান গাইছেন প্রীতম। শিগগিরই সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।