মাদক মামলায় স্কুল শিক্ষকসহ ২ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:২০ পিএম, ২০ আগস্ট ২০২৩

কুমিল্লায় মাদক মামলায় শিক্ষকসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামির ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২০ আগস্ট) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজারের টেকনাফ বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয়নাল আবেদীন মোল্লা (৪২) ও কুতুবদিয়া উপজেলার উত্তর লেইমসাখালী করল্লা পাড়ার মো. মোবারক হোসেন (২৫)।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. জাকির হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ৭ অক্টোবর বিকেলে কুমিল্লার জেলা ডিবি মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চালায়। জেলার আলেখারচর বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি গাড়ির চালক তল্লাশিচৌকি পাশ কাটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একটু দূরেই সেটিকে রোড ব্যারিকেড দিয়ে থামানো হয়। ওই সময় গাড়ি ও গাড়ির ভেতরে থাকা ব্যক্তিদের দেহ তল্লাশি করে ১৫ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় কুমিল্লা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকতিয়ার উদ্দিন বাদী হয়ে আটক জয়নাল আবেদীন মোল্লা, মোবারক হোসেন ও কামাল হোসেনসহ পলাতক আহাম্মদ কবির ও শাকিলের নামে মাদক মামলা করেন। আদালতে বিচার চলাকালে মামলার বাদীপক্ষের ১৩ জন সাক্ষীর মধ্যে সাতজন এবং আসামিপক্ষে একজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়।

অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি জয়নাল আবেদীন মোল্লা ও মোবারক হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।