ডুমুরিয়ায় অবৈধভাবে সরকারি খালের বালি উত্তোলন


প্রকাশিত: ০৬:৫২ এএম, ২৯ মার্চ ২০১৬

জেলার ডুমুরিয়ার শাহাপুর অঞ্চলে বিলের সরকারি খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। কাটাখালী এলাকার আনিচ শেখ (৩৫) নামে এক যুবকের নেতৃত্বে ৪/৫ জন শ্রমিক ভ্রাম্যমাণভাবে ছোট ছোট নদী-নালা থেকে বালু উত্তোলন করে আসছে।
 
সরেজমিনে গিয়ে দেখা গেছে, শাহাপুর বাজার সংলগ্ন বিলের মধ্যকার জোলার খালে কিছু ব্যক্তি তেলের ড্রাম দিয়ে ভেলা নির্মাণ করে মিনি ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে চার ইঞ্চি পাইপের মাধ্যমে আশপাশ এলাকায় সরবরাহ করছে। গত ২০-২২দিন যাবত চলছে এ কার্যক্রম।
 
এদিকে স্থানীয় বসতি লোকজন এতোদিন কিছু না বললেও সোমবার থেকে তারা প্রতিবাদী হয়ে উঠেছেন।

স্থানীয় আবজাল চৌধরী বলেন, এখান থেকে বালি তুললে তো আমাদের ঘরবাড়ির ক্ষতি হবে। গায়ের জোরে খাল থেকে বালি তোলা হচ্ছে।

মিনি ড্রেজার মালিক আনিচ বলেন, এখানকার লোকজনের প্রয়োজনে এবং তাদের অনুমতিতে খালে মেশিন লাগিয়েছি। অসুবিধা হলে উঠিয়ে নিব।
 
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু দ্দৌজা বলেন, উপজেলা সীমানার মধ্যে কোথাও বালু মহল হিসেবে ঘোষণা দেয়া হয়নি। সুতরাং যেই বালু উত্তোলন করুক না কেনো সেটা অবৈধ।

আলমগীর হান্নান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।