রূপগঞ্জে র্যাবের সোর্স হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের র্যাবের সোর্স খোরশেদ আলমকে হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে সোমবার দুপুরে আরো এক জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কালা চাঁনের ছেলে মোহাম্মদ আলী ও মৃত ফয়জুর রহমানের ছেলে বিল্লাল হোসেন। পুলিশ জানায়, সোমবার রাত ৩টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের চরে খোরশেদ আলমের হাত-পা বেঁধে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করা হয়। এছাড়া হাত-পায়ের রগ কেটে ফেলা হয়। উপড়ে ফেলা হয় তার দুটি চোখও। পরে পরিবারের লোকজন খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খোকন, সাহাবুদ্দিনসহ তার লোকজনই এ হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, খুনের ঘটনায় এ পর্যন্ত তিন জন আসামিকে গ্রেফতার করা হয়েছ। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মীর আব্দুল আলীম/এফএ